Sunday, March 8, 2026

সারাদেশে বাড়তি নিরাপত্তা সেনাবাহিনীর।

বিবাংলা ডেস্ক
০ মন্তব্য ৮৫ views

সারা দেশে নিরাপত্তা বাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রাজধানীসহ দেশের জেলাগুলোর গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনা টহল চলছে। গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানেও অংশ নিচ্ছে সেনারা। মব ভায়োলেন্স বা উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ বিশৃঙ্খলা বা আক্রমণের বিরুদ্ধে কঠোর বার্তা দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

এরপরই সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যায় বাহিনীটি। বাড়ানো হয় টহলসহ অভিযান। গতকাল বিমানবন্দরসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা ঘিরে সেনাবাহিনীর টহল দেখা যায়।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থান থেকে ৪১ জনকে বিভিন্ন অপরাধে আটক করা হয়েছে।

গত এক মাসে আটক হয় ২ হাজারের বেশি। ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত মোট ১৪ হাজার ৪৮৫ জনকে আটক করা হয়েছে বিভিন্ন অপরাধের অভিযোগে।
ঢাকায় অস্ত্র-গুলিসহ মাদকদ্রব্য উদ্ধার : গতকাল ভোরে ঢাকার তেজকুনিপাড়া এলাকার একটি বাড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। বাড়িটি থেকে একটি বিদেশি পিস্তল, ১১টি বিভিন্ন ধরনের গুলি, ১২ গ্রাম ক্রিস্টাল মেথ এবং ৮২ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।

এর আগে ২০ মে ঢাকার মাটিকাটা এলাকায় সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে তিনটি স্বয়ংক্রিয় পিস্তল, একটি রিভলবার ও ২৮ রাউন্ড গুলিসহ ১০ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলের চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে দীর্ঘ চার দশক ধরে চলা রক্তক্ষয়ী দাঙ্গার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন- সজীব ও ওমর কাজী। নাটোরের সিংড়া উপজেলার সিংড়া বাজারে সেনাবাহিনীর অভিযানে খাদ্য অধিদপ্তর লেখা যুক্ত দুই ট্রাক চাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত চালের পরিমাণ ১৬ টন ২১০ কেজি।
কিন্ত খাদ্য অধিদপ্তরের সরকারি চাল ক্রয়বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। চাল ব্যবসায়ী রাজু মোল্লার সহযোগিতায় সরকারি চাল ক্রয় করেন সিংড়া উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ও সাবেক ৮ নম্বর ওয়ার্ড কমিশনার বাবুল হোসেন বাবু।
পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭৪৪ : সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৭৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১৩০ জন এবং অন্যান্য ঘটনায় ৬১৪ জন রয়েছে। গত শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, তিনটি পিস্তল, একটি দেশি শুটারগান, তিনটি দেশি এলজি, তিনটি ম্যাগাজিন এবং ৩৮ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। পুলিশের বিশেষ এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর।

আরো পড়ুন

একটি মন্তব্য লিখুন

আমাদের সম্পর্কে

বাঙালীর সংবাদ বাংলা ভাষায়, সবার আগে সেরা সংবাদ পেতে বি-বাংলা ভিজিট করুন।

আজকের সর্বাধিক পঠিত

নিউজলেটার