Saturday, March 7, 2026

তারেক রহমানের বিবিসি সাক্ষাৎকার ‘কৌশলী মিথ্যা ও বিকৃত ইতিহাসের প্যাকেজ’: ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন

বিবাংলা ডেস্ক
০ মন্তব্য ১৩৮ views

তারেক রহমানের বিবিসি সাক্ষাৎকার ‘কৌশলী মিথ্যা ও বিকৃত ইতিহাসের প্যাকেজ’: ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বিবিসি বাংলা সাক্ষাৎকারকে ‘সত্যের অপলাপ, কৌশলী মিথ্যা এবং বিকৃত ইতিহাসের একটি প্যাকেজ’ বলে অভিহিত করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই মন্তব্য করেন।

সাদ্দাম হোসেন বলেন, “এই সাক্ষাৎকারটি নিরপেক্ষভাবে বিশ্লেষণ করলে হুমকির বার্তা, চাঁদাবাজির প্রশ্রয়, দুর্নীতিকে বৈধতা দেওয়া এবং একটি অগণতান্ত্রিক রোডম্যাপ সবার সামনে উন্মোচিত হয়।”

ভিডিও বার্তায় ছাত্রলীগ সভাপতি তারেক রহমানের বক্তব্যের বিভিন্ন অংশের তীব্র সমালোচনা করেন। আরাফাত রহমান কোকোর মৃত্যুর ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন শোক জানাতে গিয়েছিলেন, তখন তার মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। এই ঘটনাকে ‘ন্যূনতম রাজনৈতিক ও সামাজিক শিষ্টাচার বহির্ভূত’ আখ্যা দিয়ে তিনি বলেন, “সেই ব্যক্তিগত দুঃখবোধকে পুঁজি করে আজ আওয়ামী লীগ ও রাষ্ট্রযন্ত্রকে জড়িয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা একটি সুনিপুণ কৌশলী মিথ্যা ছাড়া আর কিছুই নয়।”

বিএনপি-জামায়াত জোট সরকারের (২০০১-২০০৬) শাসনামলের সমালোচনা করে সাদ্দাম হোসেন বলেন, সেই সময়ে বাংলাদেশ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্ট অনুযায়ী টানা পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তিনি অভিযোগ করেন, তারেক রহমান তার সাক্ষাৎকারের মাধ্যমে সেই দুর্নীতিগ্রস্ত সময়কে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন। সাদ্দাম আরও বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে কুক্ষিগত করতে বিচারপতিদের অবসরের বয়সসীমা বাড়ানো এবং ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার তৈরির মাধ্যমে বিএনপি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করেছিল।”

ওই সময়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি ২১শে আগস্ট গ্রেনেড হামলা, ১০ ট্রাক অস্ত্র মামলা, ৬৩ জেলায় একযোগে বোমা বিস্ফোরণ এবং সাংবাদিক হুমায়ুন কবির বালু, মানিক সাহা ও গৌতম দাস হত্যাকাণ্ডের কথা স্মরণ করিয়ে দেন। তিনি দাবি করেন, এ সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে ছিল হাওয়া ভবন, যা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে চালানো হয়েছিল।

সাদ্দাম হোসেন বলেন, বিএনপি যখনই ক্ষমতায় ছিল, ভারতের সাথে অমীমাংসিত কোনো সমস্যার সমাধান করতে পারেনি। উল্টো আওয়ামী লীগ সরকারই গঙ্গার পানি চুক্তি, সমুদ্রসীমা জয় এবং ছিটমহল সমস্যার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সমাধান করে দেশের স্বার্থ রক্ষা করেছে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, যারা আজ সমঝোতার মাধ্যমে নির্বাচন করে ক্ষমতায় আসতে চায়, তারা জনগণের ভোটের অধিকারকে অস্বীকার করছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “বাংলাদেশের জনগণ তাদের নিজেদের টাইমলাইন নির্ধারণ করবে। কোনো হুজুগ তৈরি করে বা সমঝোতার মাধ্যমে জনগণের ওপর ফ্যাসিস্ট সরকার চাপিয়ে দেওয়া যাবে না।”

ভিডিও বার্তার শেষে তিনি গণতান্ত্রিক সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন।

 

আরো পড়ুন

একটি মন্তব্য লিখুন

আমাদের সম্পর্কে

বাঙালীর সংবাদ বাংলা ভাষায়, সবার আগে সেরা সংবাদ পেতে বি-বাংলা ভিজিট করুন।

আজকের সর্বাধিক পঠিত

নিউজলেটার