চলতি মাসেই নয়াদিল্লি যাচ্ছেন বাংলাদেশ সেনাপ্রধান
নিজস্ব প্রতিবেদক |
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সেনা প্রেরণকারী দেশগুলোর অংশগ্রহণে আয়োজিত এক উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে চলতি মাসেই ভারত সফর করতে পারেন বাংলাদেশের সেনাপ্রধান। আগামী ১৪ অক্টোবর থেকে দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে ভারতের রাজধানী নয়াদিল্লিতে।
ভারতের সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যান জানিয়েছে, এ সম্মেলনে বিশ্বের অন্তত ৩০টিরও বেশি দেশের সেনাপ্রধান এবং জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
বাংলাদেশ সেনাপ্রধানের সফর প্রসঙ্গে জানতে চাইলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা বলেন,
“সেনাপ্রধানের অংশগ্রহণ নিশ্চিত হলে যথাসময়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”
ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাকেশ কাপুর সম্মেলনটিকে “একটি ব্যতিক্রমী মঞ্চ” হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন,
“জাতিসংঘ সনদের আলোকে বিশ্বশান্তি রক্ষায় কাজ করা দেশগুলোর অভিজ্ঞতা ও অঙ্গীকার ভাগ করে নেওয়ার জন্য এটি হবে এক অসাধারণ সুযোগ।”
এ সম্মেলনে বাংলাদেশের পাশাপাশি আলজেরিয়া, ভুটান, ব্রাজিল, ফ্রান্স, ঘানা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নেপাল, নাইজেরিয়া, শ্রীলঙ্কা, ভিয়েতনামসহ বিভিন্ন দেশের সামরিক নেতৃত্ব অংশ নেবে। আলোচনায় গুরুত্ব পাবে শান্তিরক্ষা কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধির কৌশল ও আধুনিক প্রযুক্তির ব্যবহার।
