Friday, March 6, 2026

চবিতে মব সন্ত্রাসে রক্তাক্ত হাসানঃবিসিএস ক্যাডার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হয়েও শিক্ষকতা বেছে নিয়েছিলেন

বিবাংলা ডেস্ক
০ মন্তব্য ১৮৯ views

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক হাসান মোহাম্মদ রোমান শুভর ওপর নির্মম ও পরিকল্পিত হামলার ঘটনায় পুরো শিক্ষাঙ্গন আজ স্তব্ধ, শোকাহত ও ক্ষোভে ফুঁসছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, আজ সকালে ক্যাম্পাস এলাকা থেকে তাঁকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে একদল দুর্বৃত্ত নির্মমভাবে মারধর করে। এতে তিনি মারাত্মকভাবে আহত হন এবং বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।
সূত্রের দাবি, জামায়াত–শিবির সংশ্লিষ্ট সন্ত্রাসীরা তাঁকে পরিকল্পিতভাবে তুলে নিয়ে গিয়ে এই বর্বর হামলা চালিয়েছে।
হাসান রোমান শুভ একজন মেধাবী ও আদর্শবাদী শিক্ষক হিসেবে পরিচিত। তিনি আগে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও বিসিএস ক্যাডার হিসেবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। সেই নিরাপদ ও সম্মানজনক ক্যারিয়ার ছেড়ে তিনি শিক্ষকতাকে বেছে নিয়েছিলেন কেবল জ্ঞানচর্চা, শিক্ষার্থীদের গড়ে তোলা এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করার প্রত্যয়ে। একজন বিচারক থেকে শিক্ষক হয়ে ওঠার এই সিদ্ধান্তই তাঁর দেশপ্রেম ও দায়িত্ববোধের গভীরতা প্রমাণ করে।
সহকর্মী ও শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, রোমান শুভ বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ প্রশ্নে ছিলেন আপোষহীন। তিনি সবসময় ’৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র ও বাংলাদেশের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন। অনেকের মতে, এই সাহসী ও স্পষ্ট অবস্থানই তাঁকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।
তাঁর কোনো “অপরাধ” ছিল না। অপরাধ ছিল একটাই—তিনি ছিলেন ’৭১-এর মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির একজন অকুতোভয় সমর্থক, বঙ্গবন্ধু ও বাংলাদেশের পক্ষে আপোষহীন কণ্ঠ।
মুক্তিযুদ্ধের পক্ষে থাকা, ইতিহাসের পক্ষে দাঁড়ানো এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলাই আজ তাঁর জন্য “সবচেয়ে বড় অপরাধে” পরিণত হয়েছে।
এই হামলা কোনো ব্যক্তিগত আক্রোশের বহিঃপ্রকাশ নয়; এটি মুক্তচিন্তা, শিক্ষকতা পেশা, মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক বাংলাদেশের ওপর সরাসরি আঘাত। শিক্ষাঙ্গনে একজন শিক্ষককে এভাবে তুলে নিয়ে নির্যাতন করা রাষ্ট্রের আইনশৃঙ্খলা, নিরাপত্তা ব্যবস্থা ও নৈতিক অবস্থানের ওপর ভয়াবহ প্রশ্নচিহ্ন এঁকে দেয়।
এই ঘটনায় দেশজুড়ে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিক্ষক সমাজ, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আজ হাসান রোমান শুভ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তাঁর জন্য দোয়া, তাঁর পরিবারের প্রতি গভীর সহমর্মিতা এবং এই মব সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদই হতে পারে আমাদের নৈতিক দায়িত্ব।
আজ রোমান শুভের রক্তাক্ত শরীর সাক্ষ্য দিচ্ছে—মুক্তিযুদ্ধের পক্ষে থাকা এখনো কিছু অন্ধকার শক্তির কাছে “অপরাধ” হিসেবেই বিবেচিত হয়।
আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করে তোলেন এবং এই দেশকে সব ধরনের জুলুম, সন্ত্রাস ও মব বর্বরতার হাত থেকে রক্ষা করেন।

আরো পড়ুন

একটি মন্তব্য লিখুন

আমাদের সম্পর্কে

বাঙালীর সংবাদ বাংলা ভাষায়, সবার আগে সেরা সংবাদ পেতে বি-বাংলা ভিজিট করুন।

আজকের সর্বাধিক পঠিত

নিউজলেটার